শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন হচ্ছে শুক্রবার। হলটি উদ্বোধন করবেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। হল উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
 

এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন।



বৃহস্পতিবার বিকেলে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। 


এছাড়া তিনি বলেন, হলে নতুন শিক্ষার্থী ভর্তি কাযক্রম সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও বর্ষের অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি করা হয়েছে। আমরা হলের শিক্ষার্থীদের সুবিধার্থে ও উন্নয়নে কাজ করে যাবো। শনিবার থেকে নতুন ভর্তি শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।


এছাড়া প্রাধ্যক্ষ বলেন- সৈয়দ মুজতবা হলে বর্তমানে শিক্ষার্থী ধারণ ক্ষমতা ৪৪০ জন। এর মধ্যে বিদেশী শিক্ষার্থীদের জন্য ১টি কক্ষ, চা শ্রমিকের সন্তান এমন শিক্ষার্থীদের জন্য ১টি কক্ষ, অতিথি কক্ষ ১টি, নামাজের কক্ষ ২টি, মেডিকেল কক্ষ ১টি, শীতাতপ নিয়ন্ত্রিত ৩টি রিডিং রুম, টিভি কক্ষ ১টি, স্টেশনারী শপস, সেলুন, লন্ড্রির জন্য ৩টি কক্ষ রয়েছে। এছাড়া আছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ডাইনিং, মোটরসাইকেল ও বাইসাইকেলের স্ট্যান্ড, শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধূলার ব্যবস্থাসহ ইত্যাদি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।


জানা যায়, ২০১১ সালের ১৩ই আগস্টে মুজতবা আলী হলের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জনপ্রিয় রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর নামে এ হলের নামকরণ করা হয়। শুরুতে তিন তলাবিশিষ্ট একটিমাত্র ব্লকে শিক্ষার্থী ধারণ ক্ষমতা ছিলো ৬৮ জন। পরবর্তীতে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ বছর পর ২০২০ সালের শুরুতে এ হলের বর্ধিত করণের কাজ শুরু হয়। হলটির মোট আয়তন ৭২ হাজার ৯০৫ বর্গফুট। হল বর্ধিতকরণে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকা। বর্তমানে এ হলের ৪টি ব্লকের কাজ সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে ৪৪০টি। 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/জেপি