সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সমস্ত ধরনের বৈষম্য ও কুসংস্কারের অবসান ঘটিয়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য সামাজিক অন্তর্ভুক্তির ব্যবস্থা করা দরকার। সরকার এব্যাপারে যথেষ্ট আন্তরিক রয়েছে। সরকারের পাশাপাশি লেপ্রো বাংলাদেশসহ বিভিন্ন এনজিও সংস্থা কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে ছাতকে বন্যাদুর্গত এলাকার কুষ্ঠ আক্রান্ত লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মানিক বলেন, নিয়মিত চিকিৎসা নিয়ে এই রোগে আক্রান্তরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। সমাজের প্রতিটি মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা যাতে নিশ্চিত হয় সেজন্য প্রয়োজনীয় বার্তা প্রচার করা উচিত। কোথায় চিকিৎসা সেবা পাওয়া যায় সে বিয়য়ে গণমাধ্যমে প্রচারিত বার্তা এই রোগ নির্মূলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কুষ্ঠ বিষয়টা যেন গুরুত্ব পায় সে বিষয়েও গণমাধ্যমের জোরালো ভূমিকা থাকা উচিত।
উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় ও লেপ্রা বাংলাদেশ-এর আয়োজনে উপজেলার ৬৮ জন কুষ্ঠ আক্রান্ত রোগীদের মধ্যে নগদ ৩ হাজার ২ শ টাকা করে অর্থ সহায়তা ও রোগীদের ব্যবহারের জন্য বিশেষ জুতা বিতরণ করা হয়েছে।
হাসপাতালের কনফারেন্স হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে এবং মেডিক্যাল অফিসার ডা. মহসিন আহমেদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের (এমবিডিসি) পরিচালক অধ্যাপক ডা. সাকিল আহম্মেদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহাম্মেদ হোসেন, লেপ্রা বাংলাদেশ'র প্রজেক্ট ম্যানেজার টমাস সিংহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, রফিকুল ইসলাম কিরন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/মাহি




