চায়ের রাজ্যে আজ এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান অবহেলিত চা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন।  শুনবেন তাদের দুঃখগাথা কিংবা প্রত্যাশার কথা। 

তবে সিলেটে কাদের সঙ্গে সরসারি কথা বলবেন তা জানা যায়নি। জেলা প্রশাসনের মাধ্যমে ৫ জন চা শ্রমিক নেতার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। এ তালিকা থেকে এক বা একাধিকজনের নাম ডেকে তার সঙ্গে সরাসরি কথা বলছেন প্রধানমন্ত্রী। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা। এই তালিকায় তাঁরও নাম আছে বলে জানান তিনি। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার বিকেল ৪টায় সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে চা শ্রমিকরা যুক্ত হবেন তার সঙ্গে। এতে সিলেটের চা শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শ্রমিক নেতারা বৈঠক করে প্রধানমন্ত্রীর কাছে দাবিদাওয়া জানানোর বিষয় ঠিক করেছেন।

সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকার গলফ মাঠ থেকে চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। এই আয়োজন সফল করতে প্রশাসনের পক্ষ থেকে দুপুরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

প্রস্তুতির অংশ হিসেবে লাক্কাতুরা চা বাগানের গলফ মাঠে শামিয়ানা টানিয়ে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে। স্থানীয় অতিথিরা স্বাচ্ছন্দ্যে বসতে পারেন সে জন্য অনুষ্ঠানস্থলের চারদিকে সিটি করপোরেশনের উদ্যোগে ফগার মিশিন দিয়ে মশকনিধন ওষুধ স্প্রে করা হয়েছে। এছাড়াও সিসিকের উদ্যোগে রাখা হয়েছে ‘ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট’। 

উল্লেখ্য, দৈনিক মজুরি ১২০ থেকে ৩০০ টাকায় উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারা দেশের চা শ্রমিকরা টানা ১৯ দিন আন্দোলন করেছেন। গত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসে গত ২২ আগস্ট শ্রমিকদের একাংশ আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরলেও আরেক অংশ আন্দোলন অব্যাহত রেখেছিলেন। চা শ্রমিকদের টানা ধর্মঘটে সারাদেশের বাগান থেকে চা-পাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ থাকে। এতে স্থবির হয়ে পড়ে দেশের চা শিল্প। এ অবস্থায় গত ২৭ আগস্ট শনিবার বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি আনুপাতিক হারে তাদের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। সবমিলিয়ে দৈনিক মজুরি হবে ৪৫০ থেকে ৫০০ টাকা।
প্রধানমন্ত্রী কর্তৃক ১৭০ টাকা মজুরি নির্ধারণ করে দেওয়ার পর ২৮ আগস্ট থেকে সিলেট বিভাগের সকল বাগানের চা শ্রমিকরা কাজে যোগ দেন।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম