সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান অবহেলিত চা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। শুনেছেন তাদের দুঃখগাথা ও প্রত্যাশার কথা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা, উচ্চতর শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় অনুষ্ঠান উপলক্ষ ঘিরে সকাল থেকে চা শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। চা-শ্রমিকরা আধাবেলা কাজ করে যোগ দিয়েছেন এ অনুষ্ঠানে। তাদের সবার মুখে ছিল হাসি, আনন্দের উচ্ছ্বাস।
তাদের আনন্দ উৎসবে সামিল হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ লেখা ক্যাপ তুলে দিয়েছেন চা শ্রমিকদের হাতে। তারা সেই ক্যাপ মাথায় দিয়ে রেখেছেন পুরো সময়। চা-শ্রমিকদের মাথায় দেয়া ক্যাপ অনুষ্ঠানস্থল আরও বর্ণিল হয়ে উঠে।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো ক্যাপ উপহার দেয়া প্রসঙ্গে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গণমানুষের আপনজন, ভরসাস্থল। জাতির পিতা বঙ্গবন্ধু চা-শ্রমিকদের স্নেহ করতেন, তাদের ন্যায্য দাবি পূরণ করেছেন। দেশরত্ন শেখ হাসিনাও সেই ধারাবাহিকতায় চা-শ্রমিকদের নানা দাবি পূরণ করে আসছেন। প্রধানমন্ত্রীর প্রতি এই দেশের মানুষের কৃতজ্ঞতা ও ধন্যবাদের শেষ নাই। বিভিন্ন দাবি-দাওয়া পূরণ হওয়ায় আজকের (শনিবার) অনুষ্ঠানে সিলেট ভ্যালির চা-শ্রমিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে তাদের আবদারে ক্যাপগুলো বানিয়ে দেয়া হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/পিডি




