ময়লার গাড়ির সক্ষমতা যাচাই করতে আমেরিকায় যেতে চান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এই সফরে তাঁর সঙ্গে স্ত্রী শামা হক চৌধুরী ছাড়াও সিসিকের পাঁচ কর্মকর্তাও থাকবেন। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও থাকবেন এই সফরে।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।


জানা গেছে, সিলেট নগরীতে নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে চান মেয়র আরিফ। এ লক্ষ্যে তিন টনের ১৫টি কম্প্যাক্টর ট্রাক, ২টি চেইন ডোজার, ২টি হুইল এক্সকেভেটর ও ২৫ টনের একটি রেকার কিনছে সিসিক।

এর মধ্যে চেইন ডোজার ও এক্সকেভেটর সরবরাহ করবে আমেরিকার ক্যাটারপিলার কোম্পানি। এসব গাড়ির সক্ষমতা যাচাইয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি টিম যাবে আমেরিকায়।

তাঁদের সফরের ব্যয় বহন করবে ক্যাটারপিলার কোম্পানির বাংলাদেশি এজেন্ট, ঠিকদারি প্রতিষ্ঠান বাংলাট্র্যাক লিমিটেড। তবে স্ত্রী শামা হকের ব্যয়ভার বহন করবেন মেয়র আরিফ নিজে।

গত ৩০ আগস্ট এ সংক্রান্ত আদেশপত্র জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা। উপসচিব মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়েছে, যাওয়া-আসা ও ট্রানজিটের সময় বাদ দিয়ে এই সফরের মেয়াদ হবে ৪ দিন। সফরের ব্যয়ভার বহন করবে বাংলাট্র্যাক লিমিটেড। তবে মেয়র নিজেই তাঁর স্ত্রীর ব্যয়ভার বহন করবেন।

সিসিক সূত্রে জানা গেছে, মেয়র ও তাঁর স্ত্রী ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে যুগ্মসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বৈদ্যুতিক ও পরিবহন শাখা) রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস ও নির্বাহী প্রকৌশলী শামসুল আলম আমেরিকা সফরে যাবেন।

মেয়র ও তাঁর স্ত্রী ছাড়া সিসিক থেকে পাঁচজনের আমেরিকায় যাওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

এদিকে, এই সফরের প্রাথমিক তারিখ ছিল ২৭ থেকে ৩০ আগস্ট। কিন্তু সরকারি আদেশ জারি হতে দেরি হওয়ায় ওই সময়ে সফরটি হয়নি। এ ছাড়া মেয়র ও তাঁর স্ত্রীর সফর সংক্রান্ত সরকারি আদেশপত্র জারি হয়েছে, বাকিদের বিষয়ে আদেশপত্র জারি হওয়া এখনও প্রক্রিয়াধীন।

সিসিক কর্মকর্তা নুর আজিজুর রহমান সিলেটভিউকে বলেন, সরকারি আদেশপত্র জারি হলে এই সফর হবে। তাছাড়া ভিসাপ্রাপ্তির বিষয়টিও এখানে জড়িত।

তবে মেয়র ও তাঁর স্ত্রীর সফর সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশপত্রের একটি কপি বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকেও পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। ফলে তাঁদের ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে