অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যেতে পারেন নি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। এসময় হাসপাতালের বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমানের তত্বাবধানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করান সিলেট-১ আসনের এ সাংসদ। এসময় ড. মোমেনের সহধর্মী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন।


বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, মোমেন উচ্চ রক্তচাপ ও ঝিমুনিজনিত ভার্টিগো সমস্যায় ভুগছেন। বুধবার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার নতুন করে তার চিকিৎসা দেয়া হতে পারে।



এদিকে- পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. শেখ ফয়েজ আহমেদ জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী গত রবিবার রাত আটটার দিকে তাকে দেখতে যান তিনি। ওইসময় মন্ত্রীর রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল এবং ভার্টিগো হচ্ছিল। ফলে পররাষ্ট্রমন্ত্রী জার্নি করার মতো অবস্থায় ছিলেন না।


ডা. শেখ ফয়েজ তথ্য দেন, গেল মার্চেও তুরস্ক থেকে ঢাকায় ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী একই সমস্যার কারণে প্লেনে অজ্ঞান হয়ে পড়েছিলেন।


প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেনেরও ভারতে যাওয়ার কথা ছিল। তবে সোমবার সকালে জানা যায়, অসুস্থতার কারণে তিনি সফরে অংশ নেননি।


সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/মুন্না