মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ডালুয়াছড়া কালভার্ট ভেঙে যাওয়ায় ঝুকি নিয়ে যান চলাচল করছে। যে কোন সময় পুরু ভেঙ্গে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গ্রাম্য সড়কের এ কালভার্টের মুখে একপাশে সড়কের নিচের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকি নিয়ে মানুষ ও যান চলাচল করছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে রাতে বেলা মানুষজন
পারাপার হচ্ছেন। আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার লোকজনের চলাচলের এক মাত্র এই সড়ক।
সরেজমিন গিয়ে দেখা যায়, সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের প্রবেশদ্বার ৫.৫ কি.মি. দীর্ঘ আদমপুরের মধ্যভাগ-ইসলামপুর ইউনিয়ন অফিস সড়কের প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা
পাকা হয়েছে কয়েক বছর আগে। দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ ও যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। উপজেলা এলজিইডি বিভাগ এ রাস্তাটি পাকাকরণ করে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণচাঁদ সিংহ, শিক্ষক প্রসন্ন সিংহ, সাইফুর রহমান সায়েল, গৌছ আলী বলেন, আদমপুরের মধ্যভাগ মোকামবাজার থেকে আধ কিলোমিটার দুরে ডালুয়াছড়ার উপর ১৯৯১ সালে নির্মিত এ কালভার্ট দিয়ে ৩১ বছর ধরে প্রতিদিন শতশত যানবাহন ও পথচারীর চলাচল করছে ।
তারা আরও বলেন, ডালুয়াছড়ায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকার নির্মানাধীন কালভার্ট কারিগরি জটিলতার কারণে এক পার্শ্ব দেবে যায়। পরে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের বদৌলতে পাশেই এ কালভার্টটি নির্মিত হয়। কিন্তু এই কালভার্টের পশ্চিম পার্শ্বে নিচের মাটি সরে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন মুহুর্তে বড়
ধরণের দূর্ঘটনা হতে পারে।
এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, এ সড়কে কালভার্টে এ সমস্যা হয়েছে তা তিনি জানেন না। তবে সরেজমিন খোঁজ নিয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
সিলেটভিউ২৪ডটকম/ জয়নাল/ নাজাত-০৪




