শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান 'পরানের গহীন ভিতর'  আগামীকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 


বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ওই দিন সন্ধ্যা ৬টায় আবৃত্তি বিষয়ক সংগঠন 'মাভৈঃ আবৃত্তি সংসদ' অনুষ্ঠানটির আয়োজন করেছে। এতে টিকেটের মূল্য ৪০ টাকা। ক্যাম্পাসের অর্জুনতলায় সংগঠনটির টেন্ট থেকে টিকেট সংগ্রহ করা যাচ্ছে।

 

সংগঠনটির বৃন্দ প্রযোজনা 'পরানের গহীন ভিতর' শীর্ষক এ অনু্ষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন অংকিতা দাশ গুপ্তা। এতে আবৃত্তি পরিবেশনা করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শিশু ও শিল্পকলা একাডেমী এবং সিলেট চারুবাকের পরিচালক জ্যোতি ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয়ের নির্বাহী সদস্য সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান। এছাড়া মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্যদের পরিবেশনাও থাকবে।

 

উল্লেখ্য, কবিতাকে নিজেদের প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করে, কবিতায় প্রতিপাদিত সকল প্রেম, দ্রোহ, ভালোবাসা, সত্য, সুন্দরকে ধারণ করে ১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ।

 

প্রতিষ্ঠার পর থেকেই 'শেকল ভাঙার ছন্দ মোরা, দেয়াল ভাঙার উচ্চারণ' এই মন্ত্রে দীক্ষিত হয়ে, কবিতাকে উপজীব্য করে সংগঠনটি তুলে ধরেছে সমাজের চিত্ররুপ থেকে মানবিক বৈশিষ্ট্য।  এই দীর্ঘ পথচলায় মাভৈঃ আবৃত্তি সংসদ কবিতা চর্চাকে নিয়ে গেছে অনন্য এক পর্যায়ে এবং কবিতা নিয়ে বিভিন্ন নিরীক্ষণধর্মী কাজ করে যাচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৭