জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছে সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ। ২০১৮ সালের কলেজ র্যাঙ্কিংয়ের ফলাফলে সিলেট বিভাগের মধ্যে কলেজটি চতুর্থ স্থান অর্জন করেছে।
কলেজের এ অভূতপূর্ব সাফল্যে কলেজের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. এনামুল হক চোধুরী সোহেল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর স্বাক্ষরিত সম্প্রতি এ ফল ঘোষণা করা হয়।
সিলেট অঞ্চলের র্যাঙ্কিং পর্যালোচনা করে দেখা গেছে, প্রথম স্থানে রয়েছে মুরারিচাঁদ কলেজ, দ্বিতীয় সরকারি মহিলা কলেজ, তৃতীয় মৌলভীবাজার সরকারি কলেজ, চতুর্থ স্থানে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ, পঞ্চম দক্ষিণ সুরমা সরকারি কলেজ এবং ষষ্ঠ স্থানে রয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ।
জাতীয় বিশবিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের পারফরমেন্সের ভিত্তিতে এ কলেজ র্যাঙ্কিং ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি, ময়মনসিংহ অঞ্চলে ৮টি ও সিলেট অঞ্চলে ৬টি সর্বমোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯




