নিরপেক্ষ সরকারের অধীনে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের পর জয়ী ও পরাজিত সব দলকে নিয়ে গঠন করা হবে একটি জাতীয় সরকার। সাম্প্রতিক সময়ে এমন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলে আসছে বিরোধীদল বিএনপি। এই লক্ষ্যকে বাস্তবায়নে নানা তৎপরতা চালাচ্ছে দলটি।
এরই অংশ হিসেবে এবার জাতীয় সরকার বিষয়ক একটি আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে সিলেটে। বিএনপির মিডিয়া সেল এই সভার আয়োজন করেছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, আজ শুক্রবার বিকাল ৩টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, নিরপেক্ষ, নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব ও সাবেক এমপি শহিদ উদ্দিন চৌধুরী এনি। সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিএনপির মিডিয়া সেলের সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন সভাপতিত্ব করবেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




