সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয় ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দেবে ক্ষমতাসীন দল বাংলাদেশ। এ জেলার চেয়ারম্যান হতে ৪ নেতা মনোনয়ন জমা দিয়েছেন। যদিও ৫ জন মনোনয়ন ক্রয় করেছিলেন। কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী জানা যাবে শনিবার (১০ সেপ্টেম্বর)। এ লক্ষে জাতীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

 


 

জানা যায়- সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন দলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন।

 

মিসবাহ সিরাজ ছাড়া অন্য ৪ নেতা দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। মিসবাহ সিরাজ জানান- পারিবারিক কারণে তিনি জেলা পরিষদের প্রার্থী হচ্ছে না। এ জন্য দলীয় মনোনয়ন কিনলেও জমা দেন নি। 

 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে- আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর) দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় জানা যাবে কে হচ্ছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। 


সিলেটভিউ২৪ডটকম/জেপি