আজ জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাবে সিলেট যুবদল। প্রায় দুই দশক পর এই সম্মেলন ঘিরে যুবদলের রাজনীতি এখন তাই সরগরম।
জেলা যুবদলের সম্মেলন শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে নগরীর রেজিস্টারি মাঠে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন-যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
এছাড়া জেলা যুবদলের সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে থাকছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান বক্তব্য রাখবেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দুপুরের পর দ্বিতীয় অধিবেশনে হবে কাউন্সিলরদের ভোটগ্রহণ।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করা নিয়ে প্রার্থীরা কাউন্সিলরদের মন মজানোর চেষ্টা করছেন, এমনটি জানা গেছে সংগঠন সূত্রে।
এবার সরাসরি ভোটে নির্বাচিত নতুন নেতৃত্ব সিলেটে সংগঠনকে আরো শক্তিশালী ও সংগঠিত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বৃহত্তর অবদান রাখবে আশা প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা।
তবে দীর্ঘদিন থেকে সম্মেলন না হওয়া এবং মামলা-নির্যাতনে অনেক নেতাকর্মী বিদেশে পাড়ি দিয়েছেন। অনেকে রাজনীতি ছেড়ে জীবন জীবিকার তাগিদে যুক্ত হয়েছেন বিভিন্ন পেশায়।
সিলেটভিউ২৪ডটকম/বানি/ইআ-০৩




