ছবি : সিলেটভিউ

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে সিলেট জেলায় চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। সকাল থেকেই সিলেটের বিভিন্ন রাস্তায় ও নগরের প্রবেশপথে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহি গাড়ি এমনকি বিআরটিসি বাস চলাচলেও বাধা দিচ্ছেন তারা। শ্রমিকদের পিকেটিংয়ের কারনে কোনো গাড়িই সড়কে চলাচল করতে পারছে না। ফলে নগরীর সুবহানীঘাটে সবচেয়ে বড় কাঁচাবাজারে সকালে কোনো সবজি বা পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি। আর এ কারণে আজ সিলেটে সবজির কিছুটা সংকট দেখা দিয়েছে। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছেন খুচরো বিক্রেতারা। 


নগরীর সোবহানীঘাটে চলে সবজির আড়ৎদারী ব্যবসা। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে। সবজিপণ্য সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার বাজারে বিক্রির জন্য এ বাজার বা আড়ত থেকে ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যান। কিন্তু মঙ্গলবার পরিবহন ধর্মঘটের কারণে এ বাজারে সকালে কোনো জেলা থেকে সবজি নিয়ে বা এ বাজার থেকে সবজি কিনে কোনো উপজেলায় পণ্যবাহী গাড়ি যেতে-আসতে পারেনি। এ সুযোগে খুচরো বিক্রেতারা সবজির দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) পরিবহন শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে আজকের পাইকারি বাজারে সবজির দাম বাড়েনি।

সোবহানীঘাট সবজি বাজারের ব্যবসায়ী জয়নাল আহমদ জানিয়েছেন, পণ্যবাহী গাড়ি না আসলেও আজ সবজির দামে তেমন পার্থক্য লক্ষ করা যায়নি। তবে পরিবহন ধর্মঘট  চলতে থাকলে আগামীকাল (বুধবার) থেকে সবজির চাহিদার সাথে দামও বাড়তে পারে।

বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, করলা, কাঁচা মরিচ, লতা, পটল, ঝিঙে, কচু, মুখি, আলু, বরবটি, নাগামরিচ, লেবু, সাতকরাসহ বিভিন্ন রকমারী শাক সবজি উঠেছে বাজারে। তবে অন্যান্য দিনের তুলনায় কম।

সুবহানীঘাট পাইকারি বাজারে কাঁচাবাজার পাইকারি দর প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ টাকা বিক্রি হতে দেখা যায়। পাইকারি বাজারে কাঁচাবাজার পাইকারি দর লেবু ২-৪ টাকা, শশা ৩৫ টাকা, টমেটো ১০০টাকা, মুকি ৪০ টাকা, পটল ২৮-৩০ টাকা, আমড়া ২৫-২৭ টাকা, কাঁকরোল ৪০-৪৫ টাকা, পেঁপে ১০-১২ টাকা, চিকন বেগুন ৪৫-৫০ টাকা, বেন্ডি ২৮-৩০ টাকা, করলা ৩৮-৪০, চায়না গাজর ৯০-১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাধাকপি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম / ইআ-৮ / ডি.আর