বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে, কিন্তু আন্দোলনের নেতা কে? যে দলের নেতা নেই, তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল।’

বুধবার ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবের উদ্দেশে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরও বলেন, ‘লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে পদ্মা-মেঘনা-যমুনায় কি ঢেউ আসবে?’

‘বিএনপি জাতীয় সরকার গঠন করবে কিন্তু ঐ সরকারের নেতা কে তা কেউ জানে না’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল বড় বড় কথা বলেন।’ এসময় মির্জা ফখরুলকে ‘ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার’ বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’

‘তত্তাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে চলে গেছে’-বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির সকল বিষোদগার আর অপপ্রচারের জবাব দেওয়া হবে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে। আজকে বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়, তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে তাহলে জনগণকে নিয়ে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কখনো আক্রমণ করবে না, যতক্ষণ না আক্রান্ত হয়।’

তবে আক্রান্ত হলে এর জবাব দিতে প্রস্তুত বলে জানান ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতা।

ত্রিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলের মধ্যে অন্তঃকলহ দূর করতে হবে, দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগে বসন্তের কোকিলদের নেতা বানানো যাবে না।’

দলের দ্বন্দ্ব চিরতরে পরিহারের ওপর জোর দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দল যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে নির্বাচনে সফলতা আসবে না, তাই অবশ্যই দলের ভেতরে দ্বন্দ্ব দূর করতে হবে।’

আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথে আছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘যতই দুঃসময় আসুক রাজপথে থাকবে।’

‘কাজেই আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা রাজপথেই আছি’ -বিএনপি নেতাদের উদ্দেশে বলেন ওবায়দুল কাদের।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক, এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।

সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-১৫