বান্দরবানের লামা সরই ইউনিয়নে একটি পাহাড়ি ঝিরিতে ‘বিষ’ ছিটানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

 


বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্ট, সাস্ট' ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরাও সংহতি জানান।

 

আদীবাসী সংগঠনটির সদস্য প্রভাত চাকমার সঞ্চলনায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শখার সাধারণ সম্পাদক তানভীর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, আদিবাসী শিক্ষার্থীদের সংগঠনটির সদস্য রূপেল চাকমা, মাধুর্য চাকমা ও সাবেক শিক্ষার্থী সজল কুন্ডু।

 

শাবির ওই মানববন্ধনে রুপেল চাকমা বলেন, "আদিবাসীদেরকে বিভিন্ন সময়ে আক্রমণ করা হচ্ছে এবং লুটপাট করে তাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসগুলোও নিয়ে নেওয়া হচ্ছে।

 

''এছাড়া আদিবাসী ভূমি রক্ষাকারীদের উপর মামলা দেওয়া হচ্ছে। পাহাড়ে ধর্ষণের ঘটনাও ঘটছে। এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো জোড়ালো পদক্ষেপ দেখছি না।"

''সর্বশেষ আদিবাসীদের একমাত্র স্বচ্ছ পানির উৎস ঝিড়িতে মাছ ধরার নাম করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ বিষ মিশিয়ে দিয়েছে। এসব ঘটনার কারণ হল ভূমি দখলদাররা চায় পাহাড়ের আদিবাসী সম্প্রদায়গুলোকে বিতারিত করে সেখানে পর্যটনস্থল বানাতে।''- বলেন রুপেল।

 

মাধুর্য চাকমা বলেন, "পাহাড়ের গহীন বনে আদীবাসী সম্প্রদায়গুলোরকে প্রাকৃতিক উৎসের উপর নির্ভর করতে হয়।  এর মধ্যে ঝর্ণা, নালা ও ঝিড়িগুলো খাবার পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহার করে আসছেন তারা।"

''ওইখানে বসবসারত সম্প্রদায়গুলোকে বিতারিত করার উদ্দেশে 'লামা রাবার কোম্পানি পানির এ উৎসে বিষ ছিটিয়ে দিয়েছে। এতে অনেকগুলো পরিবার পানি সংকেট দিন পার করছে।''

এ কোম্পানি নানাভাবে পাহাড়ে বসবাসরতদের উপর নির্যাতন করে আসছে এবং তারা কৌশল করে বিতারিত করার উপায় খুঁজছে বলে জানান মাধুর্য।

 

মানববন্ধনে তানভীর রহমান বলেন, "পাহাড়ি দুর্গম অঞ্চলে আদিবাসীরা নানাদিক থেকে অবহেলিত। তাদের ভালো চিকিৎসা ব্যবস্থা নাই। নেই স্কুলের সুবিধা। যোগাযোগের জন্য নেই কোনো সহজ ব্যবস্থা।

 

"এসব ছাড়াও এখন দেখা যাচ্ছে মুনাফালোভী একটি চক্র তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের খাবার পানিতে বিষ মিশিয়ে দিচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।" 

এ ঘটনায় দোষীদেরকে শাস্তির আওতায় এনে এবং ওই স্থানে বসবাস কারীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়ার দাবি জানান শাবি শিক্ষার্থীরা।

 

এছাড়া টাঙ্গাইলের মধুপুরে আদিবাসীদের আবাদি জমি দখল করে লেক খননের পরিকল্পনা করা হচ্ছে এমন অভিযোগের কথা তুলে ধরে সেই ঘটনারও প্রতিবাদ জানান মানববন্ধনকারীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৪