শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন-প্রত্যাশা-চ্যালেঞ্জ’ বিষয়ক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক দিলারা রহমান। এতে ভোট অব থ্যাংকস প্রদান করবেন অধ্যাপক ড. জায়েদা শারমিন।
উদ্বোধন অনুষ্ঠানের পর গবেষণা প্রবন্ধ উপস্থাপন পর্ব শুরু হবে। এ সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের গবেষকদের শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
বাংলাদেশসহ ৮টি দেশের শতাধিক গবেষণাপত্র ১৪টি স্বশরীর সেশনে এবং ২টি ভার্চুয়ালি সেশনে উপস্থাপিত হবে। এছাড়া সম্মেলনে দেশ-বিদেশের আড়াই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশ নিচ্ছেন।
গত ৫০ বছরের বাংলাদেশের অর্থনীতি, আর্থ সামজিক উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতে সংস্কার, প্রযুক্তি ও উন্নয়ন, সংস্কৃতি বিনিময়, চ্যালেঞ্জ, ভাষা ও সাহিত্য, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ভূ-রাজনীতি, কোভিড-১৯, দারিদ্র্যতা, লিঙ্গ বৈষম্য, টেকসই উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন।
এছাড়া শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সিলেটভিউ২৪ডটকম/এনএম/আরআই-কে




