শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন- ‘আজ পর্যন্ত আমি কারো কাছে শুনি নাই যে কর্মক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট খারাপ করছে। তাদের কাজে কেউ অসন্তুষ্ট হয়েছে এটাও শুনি নাই। তাদেরকে কর্মক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। কারণ গ্রাজুয়েটরা অনেক দক্ষ ও পরিশ্রমী। কর্মক্ষেত্রে তারা অনেক ভালো করছে।’

 
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


 

উপাচার্য বলেন- ‘আমাদের শিক্ষার্থীরা যেখানেই যাচ্ছে, ভালো করছে, এটা আমাদের জন্য গর্বের। দেশ-বিদেশের ভালো প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীরা কাজের সুযোগ পাচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরও বাড়িয়ে দিচ্ছে।’

 

সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন- ‘বিশ্ববিদ্যালয়ের চার বছর সময় নিজেকে তৈরি করার জন্য যথেষ্ট। তোমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিলে নিজেদের দক্ষতা আরও বাড়বে। এভাবে নিজেদের গড়ে তুললে জীবনে চলার পথটা অনেক মসৃণ ও অনেক সুন্দর হবে।’

 

বিশ্ববিদ্যালয়ে শতভাগ সুশাসন রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন- ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধরণের দুর্নীতি নেই, কোন স্বজনপ্রীতিও নাই। দেশের সেরা শিক্ষকদের আমরা নিয়োগ দিচ্ছি। এছাড়া বর্তমানে অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে। এখন কোন সেশনজটও নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দও অনেক বেড়েছে। পূর্বে বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ ছিল ৯০ লাখ টাকা, যা ৮ কোটিতে উন্নীত করা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের শতকরা ৫ ভাগ। এখানের গবেষণার মানও অনেক ভালো, গত এক বছরে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ৭ শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করছে।’

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না