অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের কাছে হারলো বাংলাদেশ। বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। কাতারের হয়ে হ্যাটট্রিক করেন আহমেদ আল রাউয়ি। আসরে এটি বাংলাদেশের প্রথম হার। তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। রোববার নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের ২২তম মিনিটে রক্ষণের ভুলে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ডান দিক থেকে প্রতিপক্ষের ক্রস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের এক ডিফেন্ডার। মাথাই ছোঁয়াতে পারেননি বলে। দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে বল জড়ান রাউয়ি।


৬০তম মিনিটে গোলরক্ষক শান্ত কুমারের দুবর্লতায় দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ।

ডি-বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। নিচু শটে জোর ছিল না তেমন। ঠেকিয়ে দিলেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি শান্ত। তাকে ‘নাটমেগ’ করে নিজের দ্বিতীয় গোলটি করেন রাউয়ি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফুটবলার। ফ্রি কিকে ডি-বক্সে বাংলাদেশের একজনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সিলেটভিউ২৪ডটকম/মাজ/ইআ-০২