সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা।
এতে সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা থেকে অংশ নেয় নানা রঙে সজ্জিত অর্ধশতাধিক বাহারী নৌকা। আর এ নৌকাবাইচ উপভোগ করতে সেই দুপুর থেকেই ডিঙ্গি নৌকা, ট্রলারসহ বিভিন্ন নৌযান ছাড়াও নদীর দুইতীরে জড়ো হন নারী-পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শনার্থী। এছাড়াও নদীর দুইপাড়ে বসেছিলো আকর্ষনীয় মেলা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়ার পরিচালনা ও দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে দোয়ারাবাজারের পঙ্কিরাজ (নৌকা)।
সন্ধ্যায় খাদ্য গুদাম ঘাটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২১




