সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে ১ লাখ টাকা জরিমানা এবং ১টি দোকানকে সিলগালা করা হয়েছে। এসময় অন্ততঃ ১৫ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে এমরান হোসেন সিলেটভিউ-কে বলেন- গোপন সূত্রে খবর পেয়ে লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা এবং ১টি দোকানকে সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে অন্ততঃ ১৫ মেট্রিক টন পলিথিন। এগুলো পরবর্তীতে জ¦ালানো হবে।
পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান মোহাম্মদ এমরান হোসেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডালিম




