অবসরের মাত্র সপ্তাহ খানেক আগে চমক দেখালেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।

নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে বিশ্ব র‌্যাংকিং তালিকায় শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সম্পন্ন করেছেন তিনি। এই সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি জগতে নতুন এক দিগন্তের সূচনা হলো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন তথা বাংলাদেশে বিশ্বমানের নার্স ও মিডওয়াইফ তৈরি হবে।


 

বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন তথা বাংলাদেশে বিশ্বমানের নার্স ও মিডওয়াইফ গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের স্বনামধন্য দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড ও ইউনিভার্সিটি অব বল্টনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।


নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে বিশ্ব র‌্যাংকিং তালিকায় শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মহাপরিচালক সিদ্দিকা আক্তার এবং ইউনিভার্সিটি অব স্যালফোর্ডের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জোপার ভাস।

 

অন্যদিকে ইউনিভার্সিটি অব বল্টনের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট প্রফেসর জেড হ্যান্সলট।

ইউনিভার্সিটি অব স্যালফোর্ডের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাংলাদেশের সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে প্রশিক্ষণ প্রদান; গ্র্যাজুয়েটদেও পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে স্কলারশিপ প্রদান; বাংলাদেশের সরকারি নার্সিং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ইউনিভার্সিটি অব স্যালফোর্ডেও যৌথ ব্যবস্থাপনায় পিএইচডি, মাস্টার্স ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু; শিক্ষকদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, শিক্ষা কারিক্যুলাম রিভিউ; বাংলাদেশের সরকারি নার্সিং কলেজের আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন এবং বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে বাংলাদেশের নার্স ও মিডওয়াইফদের অংশগ্রহণ।

 

অন্যদিকে ইউনিভার্সিটি অব বল্টনের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাংলাদেশি নার্সিং ও মিডওয়াইফারি গ্র্যাজুয়েটদের ইউনিভার্সিটি অব বল্টনে মাস্টার্স সম্পন্ন করতে স্কলারশিপ প্রদান; আন্তর্জাতিক এক্রিডিটেশন; নার্সিং ও মিডওয়াইফারি সেক্টরে যৌথ গবেষণা চালু; যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন ক্লিনিক্যাল বিষয়ে নার্সদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু; বিভিন্ন সায়েন্টিফিক ও টেকনিক্যাল সহযোগিতা এবং নার্সিং ও মিডওয়াইফারি সংক্রান্ত বিভিন্ন কনফারেন্স, কর্মশালা ও স্বল্পমেয়াদী প্রোগ্রাম আয়োজন।

 

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্য সফর করে। বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সভাপতিত্বে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড ও ইউনিভার্সিটি অব বল্টনের সাথে একসভায় অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানায়।

 

বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্বনামধন্য দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে এই সমঝোতা স্মারক মাইলফলক হিসেবে কাজ করবে। এই সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশে বিশ্বমানের নার্স জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে। এরফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও উন্নত দেশসমূহে বিপুল পরিমাণ দক্ষ নার্স জনশক্তি প্রেরণ করা সম্ভব হবে।

 

নানা ধরণের যুগান্তকারী উদ্যোগে সারাদেশের নার্সদের যিনি উৎসাহ দিয়েছেন, সাহস সঞ্চার করেছেন তিনি হচ্ছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার। শুধু নার্সিং কর্মকর্তাদের সুখ-দুঃখের ভাগিদার হওয়াই নয়, তার নিরলস প্রচেষ্ঠায় বদলে গেছে পুরো অধিদপ্তরের কার্যক্রম।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০