সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন- সকল সরকারি কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সাথে সঠিক নিয়মে কাজ করলেই দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে দেশের জনগণ ও আমরা সরকারি কর্মকর্তারা ভাল থাকবো।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ দিন সকালে বিভাগীয় কমিশনারের ফান্ড থেকে ২০ জন বন্যার্ত ব্যক্তিকে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি ও ৫ জনকে বাইসাইকেল বিতরণ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৭ জন প্রতিবন্ধীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের ৫ লাখ ১০ হাজার টাকা ঋণ বিতরণ, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ৪ জন ভিক্ষুককে ৪টি ভাসমান ভ্যানসহ মুদি দোকানের মালামাল প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
দুপুরে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজের খোঁজ-খবর নেন।
পরে উপজেলার ঐতিহ্যবাহী মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্নার ও বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন।
বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২৪ টি ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ এম আবুল হোসেন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য আল আমিন, আব্দুল কাদির প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/মুন্না




