জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে কুলাউড়া উপজেলার দুই শিক্ষক শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- কুলাউড়া পৌর শহরের বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম ও ভূকশিমইল ইউনিয়নের বাদে-ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার।
প্রাথমিক শিক্ষা পদক মৌলভীবাজার জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম ১৯৮৮ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করে কুলাউড়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০০ সালের অক্টোবরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
ইতিমধ্যে তিনি জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে বদলি হয়ে বর্তমানে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে কর্মরত রয়েছেন। উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মদনগৌরি নিবাসী ও বর্তমানে পৌর শহরের বাসিন্দা প্রধান শিক্ষক ড. মো. আব্দুল কাইয়ুম শিক্ষকতা জীবনে ইতিপূর্বে ২০১০ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও উপজেলা পর্যায়ে ৫ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
অপরদিকে ভূকশিমইল ইউনিয়নের বাদে-ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার ২০১০ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করে কুলাউড়ার রবিরবাজার নন্দিগ্রাম কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাদে-ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে বর্তমানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে কর্মরত রয়েছেন।
উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি নিবাসী প্রধান শিক্ষক তাহমিনা আক্তার শিক্ষকতা জীবনে ইতিপূর্বে ২০১৯ সালে উপজেলা পর্যায়ে ১ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৫




