ফাইল ছবি
বন্দরে কয়লা আমদানি শুরু হওয়ায় দীর্ঘদিন পর শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পূজার বন্ধের কারণে রোববার (০২ অক্টোবর) থেকে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। পূজার পরে আমদানি পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় ১৬ মাস পর সিলেটের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। গত দুদিনে ২৬ গাড়ি কয়লা নিয়ে দেশে প্রবেশ করেছে। এর মধ্যে শুক্রবার ১১ গাড়ি ও শনিবার ১৫ গাড়ি কয়লা নিয়ে দেশে প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় থেকে আমদানিকৃত কয়লা সারাদেশে সরবরাহ করা হতো। ২০২১ সালের মে মাসের দিকে ভারতের মেঘালয়ে একটি মামলার কারণে সুতারকান্দি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন কয়লা আমদানি বন্ধ থাকার পর আসাম থেকে কয়লা আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।
ব্যবসায়ীরা জানান, সুতারকান্দি স্থলবন্দর হয়ে সারাদেশে কয়লা সরবরাহ করা হতো। আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কয়লা সরবরাহ বন্ধ থাকায় তাদের বেশি দামে ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করতে হয়েছে। মেঘালয় থেকে প্রতি মেট্রিক টন কয়লা ৯৫ ডলারে ক্রয় করা যেতো। মেঘালয়ের কয়লা বন্ধ হয়ে যাওয়ায় ইন্দোনেশিয়া থেকে ১৪০ থেকে ১৪৫ ডলার এবং দক্ষিণ আফ্রিকা থেকে প্রতি মেট্রিক টন ১৫০ থেকে ১৫৫ ডলারে আমদানি করতে হয়েছে। এখন আসাম থেকে কয়লা আমদানি করতে প্রতি মেট্রিক টনে ব্যয় হচ্ছে ১১৫ ডলার। তারপরও আসামের কয়লা আমদানি শুরু হওয়ায় সিলেটের ব্যবসায়ী ও শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুতারকান্দি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীরা দীর্ঘদিন পর ব্যবসায় ফিরে যেতে পারছেন। অনেক ব্যবসায়ী আমদানি বন্ধ থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এখন তারা কিছুটা হলেও ব্যবসা করতে পারবেন। কয়লা আমদানি শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তানভীর আহমদকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব আয় করবে; তেমনি অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১০




