নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে আরো বড়ো আকারে পূজা উদযাপন করা যায়, তার ব্যবস্থা করতে হবে।
পরিবেশ মন্ত্রী বুধবার (০৫ অক্টোবর) বিজয়া দশমীতে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ, দাসেরবাজার ইউনিয়নের পানিশাইল সার্বজনীন পূজমণ্ডপ, গুলুয়া সার্বজনীন পূজামণ্ডপ এবং নিজবাহাদুরপুর ইউনিয়নের ভাগাডহর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে নানা ধরনের অপতৎপতার পাঁয়তারা করেও সফল হতে পারেনি। সরকারের তীক্ষ্ণ সুদৃষ্টি ছিল, তাই সারাদেশে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন শেষ হয়েছে।
পৃথক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




