বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের তালিকায় পূর্বের তুলনায় ২৬ ধাপ পিছিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 


২০২০-২১ অর্থবছরে এ তালিকায় বিশ্ববিদ্যালয়টি দশম অবস্থান ছিল। মাত্র একবছরের ব্যবধানে ২০২১-২২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টি তালিকার শেষদিকে অর্থাৎ ৩৬ তম অবস্থানে রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষের ভাষ্য, গত জানুয়ারিতে ভিসি বিরোধী আন্দোলনের কারণে ইউজিসিতে তথ্য ইনপুট দিতে না পারায় এ র‌্যাংকিং পিছিয়েছে।

এদিকে ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, একশ নম্বরের এপিএ মূল্যায়নে তালিকার শীর্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৯ দশমিক ৪৭ নম্বর। শাবি মাত্র ৪৭ দশমিক ০৬ নম্বর পেয়ে সেই তালিকার ৩৬ তম অবস্থানে রয়েছে। এতে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের চেয়ে শাবি ৫২ দশমিক ৪১ নম্বর কম পেয়েছে।

 

এর কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট সময়ে ইউজিসির কেবিনেট ডিভিশনে বিশ্ববিদ্যালয় থেকে তথ্য ইনপুট দিতে হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে চলতি বছর জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় তথ্য ইনপুট দেওয়া সম্ভব হয় নি।’

 

জানা গেছে, ইউজিসি ছয়টি বিষয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে এপিএ তালিকা প্রস্তুত করে থাকে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্যগুলোর ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় ৩ নম্বর বরাদ্ধ থাকে।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৮