শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সর্ম্পক গড়ার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিল ও চারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

 


শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শাবি উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, স্কুল অব এপ্লাইড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান এবং মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন প্রমুখ।

 

গ্রেটার ম্যানচেস্টারের প্রতিনিধিদলে ছিলেন ওল্ড হোম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, কমবাইন্ড অথোরিটির প্রিন্সিপাল মারিয়া গঞ্জালেয, সেলফোর্ড ইউনিভার্সিটির সহযোগী পরিচালক ন্যান্সি কুকি, এডমিশন পরিচালক গিলিয়ান কুলগান, বোল্টন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ জুবায়ির হ্যান্সলট ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান আহমেদ খান, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের অধ্যাপক ড. জো হার্ট ও অধ্যাপক ড.লুসি বাইরন ডেবিস এবং ম্যানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আন্তার্জাতিক রিক্রোটমেন্ট ব্যবস্থাপক জোনাথন পিট।

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাবি প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাবিপ্রবির সঙ্গে কীভাবে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার সর্ম্পক (কোলাবোরেশন) তৈরি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। এতে উভয়পক্ষ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে ‘একটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে’ সম্পর্ক জোড়দারের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় বক্ত করেন।’

 

মতবিনিময় সভা শেষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ম্যানচেস্টার কাউন্সিলের প্রতিনিধিদের নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, মেডিকেল সেন্টার এবং  বিভিন্ন গবেষণা ল্যাব পরিদর্শন করেন তারা।

 

এছাড়া মতবিনিময় শুরুর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১০