বিশ্বনাথ উপজেলায় প্রোগ্রামে সংগীত পরিবেশন করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে হামলার শিকার হলেন সুনামগঞ্জের দিরাইয়ের বাউল সিরাজ উদ্দিন। সিরাজ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সুযোগ্য শিষ্য।
সূত্রের পাওয়া খবরে জানা যায়, বাউল সিরাজ উদ্দিন শনিবার দিবাগত রাত ২ টায় বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামে গান পরিবেশন শেষ করে প্রস্রাব করতে গেলে পিছন থেকে ২-৩ জন দুষ্কৃতী এসে তাকে জিঙ্গেস করে কেন গান চুর কইলে বলে কিল-ঘুষি মারতে শুরু করে। পরে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পালিয়ে গিয়ে বাড়ীতে আশ্রয় নেন বাউল সিরাজ। পরে চিৎকার চেঁচামেচিতে মানুষ আসলে দুষ্কৃতীকারীরা পালিয়ে যায়।
এব্যাপারে ঘটনাটি নিশ্চিত করে বাউল সিরাজ বলেন, আমি হামলাকারী একজনকে চিনতে পেরেছি। তার নাম জেনে পরে জানাব।
কেন হামলা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার একটি গান কপি রাইট করে আমেরিকা প্রবাসী সিরাজ তার নামে চালিয়ে নিচ্ছে। এব্যাপারে আমি ঢাকাতে একটা কপি রাইট মামলাও করেছি। বিভিন্ন প্রোগ্রামে আমি এই গান চুরের ঘটনা বলে থাকি। এই প্রোগ্রামেও একই কথা বলায় হয়ত হামলা হয়েছে।
তিনি জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সিরাজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সুযোগ্য শিষ্য বাউল সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন। শাহ আব্দুল করিমের গানে প্রানদান করা শিল্পীদের মধ্যে তিনি এখনও অপ্রতিরুদ্ধ। শাহ আব্দুল করিমের পরে তিনি গানের সম্রাট বাউল কামাল পাশার সুযোগ্য শিষ্য বাউল তছর উদ্দিনের শিষ্যত্ব গ্রহন করেন। বাউল কামাল পাশার হারিয়ে যাওয়া বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেও আলোড়ন তুলেন তিনি। লন্ডন দুবাই ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একাধিকবার সাংস্কৃতিক সফর করেছেন এই বাউল। তিনি একাধারে সুরকার গীতিকার ও সঙ্গীত শিল্পী।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৬




