সিলেট নগরীর আরামবাগে গ্যাস রাইজার থেকে আগুন।
সিলেটে মহানগরীর বালুচর এলাকার আরামবাগে গ্যাস রাইজার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়েই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ফায়ার সার্ভিসের টিম যথাসময়ে না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে স্থানীয়দের আশঙ্কা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে আরামবাগের ৫ নং নম্বর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সিলেটের কন্ট্রোল রুম সূত্র জানায়- সকাল ৭টা ৫ মিনিটের সময় কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয়- বালুচর আরামবাগের ৫ নং রোডে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্যাস রাইজারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে ৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছাতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল অপারেটর সিলেটভিউ-কে জানান। তিনি বলেন- গ্যাস রাইজার লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকর্মী ইসমত আরা সিলেটভিউ কার্যালয়ে ফোন করে জানান- ‘এমনভাবে আগুন লেগেছে, আমরা ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিলো- ভয়াবহ এ আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। বিশেষ করে এলাকার নারী ও শিশুরা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। ’
স্থানীয়রা এমন অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাদের বক্তব্য- একাধিকবার গ্যাস লিকেজের কথা বললেও ব্যবস্থা নেয়নি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডালিম




