দীর্ঘদিন ধরে সিলেট নগরের বন্দর-আম্বরখানা সড়কের জিন্দাবাজার পয়েন্টস্থ পৃথক স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও নগর কর্তৃপক্ষ এনিয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তবে দায়িত্বশীলরা জানিয়েছেন- দ্রুত গর্ত দুটি সংস্কার করা হবে।

 


সরেজমিনে দেখা গেছে- প্রতিদিন হাজার হাজার লোক নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে যাতায়াত করেন। এ সড়কে বেশির ভাগ সময় রিকশা চলাচল না করলেও মানুষজন বিকল্প যানবাহন ব্যবহার করেন। এছাড়া হেঁটে এ সড়ক দিয়ে কয়েক হাজার লোকজন চলাচল করেন। হাজার জনতার চলাচলের সড়কে দীর্ঘদিন ধরে জিন্দাবাজার পয়েন্টস্থ স্থানে ছোট গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে লাল কাপড় দিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ চিহিৃত করা হয়েছে। একইভাবে ওভারসিজ মার্কেটের সামনে ছোট আরেকটি গর্ত সৃষ্টি হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সেখানে লাল কাপড় দিয়ে সর্তক করা হলেও  এ সড়ক দিয়ে যাতায়াতকারী সিসিকের কর্মকর্তাসহ দায়িত্বশীলরা এর সমাধানে কার্যত কোনো ব্যবস্থা নেননি। ফলে ছোট গর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীরা।

 

এ বিষয়ে ওভারসিজ মার্কেটে কর্মরত রহিমা খাতুন বলেন- ‘আমি শুক্রবার ব্যতীত প্রতিদিন দোকানে আসি। দীর্ঘদিন ধরে মার্কেটের সামনে একটি গর্ত সৃষ্টি হলেও কর্তৃপক্ষ গর্ত সংস্কারের উদ্যোগ নেন নি। শুধু গর্ত নয় নগরের প্রায় সড়কের অবস্থা নাজুক। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।’

 

গনমাধ্যমকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ বলেন- ‘কি আর করার। দায়িত্বশীলরা দেখেও দেখেন না। এ অবস্থা দীর্ঘদিন ধরে রয়েছে। বছর খানেক আগে কবি আবদুল বাশিত ড্রেনে পড়ে মারা যান। এতবড় দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দায়িত্বহীনতার ভূমিকায় রয়েছে সিসিক।’

 

এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় বলেন- ‘বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।’

 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না