সিলেট মহানগরীর কিন ব্রিজের নিচ থেকে রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীর নগদ ৪ লাখ টাকা, ২ টি মোবাইল ফোন, এক বস্তা সুপারি ও ১ কার্টুন সিগারেট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 

গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিয়াজ উদ্দিন মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বৃস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ছিনতাইয়ের ঘটনাস্থল থেকেই সাব্বির (২২) নামের এক আসামিকে গ্রেফতার করে।


সাব্বির সিলেটের দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকার স্বপ্নীল/১৩-এর আলেক উদ্দিনের ছেলে।  

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর কিন ব্রিজের নিচ দিয়ে ব্যবসায়ীক মালপত্র নিয়ে যাচ্ছিলেন কানাইঘাট উপজেলার কাদিরগ্রামের মতজির আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৫)। এসময় তার গাড়ির গতিরোধ করে চাকু দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ৪ লাখ টাকা, ২টি মোবাইল ফোন, ১ বস্তা সুপারি (যার মূল্য অনুমান ৩০ হাজার টাকা) ও ২০ কাটুন সিগারেট (যার মূল্য অনুমান ১৭ হাজার টাকা) ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় রিয়াজ উদ্দিন পরবর্তীতে ৭ জনের নাম ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।  

মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কোতোয়ালি থানাপুলিশ ছিনতাইয়ের ঘটনাস্থল থেকেই আসামি সাব্বিরকে গ্রেফতার করে। আজ (শুক্রবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম