আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে সিলেট জেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে জেলার ৮নং ওয়ার্ডে (বিয়ানীবাজার) ৯ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা জেলার অন্য ওয়ার্ডের তুলনায় সর্বোচ্চ। ফলে নির্বাচনের আমেজ এখন উপজেলার সর্বত্র। ভোটের আর হাতেগোনা কয়েক ঘন্টা বাকি থাকলেও কে হচ্ছেন এই ওয়ার্ডের নির্বাচিত সদস্য, তা নিয়ে চলছে নানা আলোচনা।

অনেকেই বলছেন, সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকবেন কমপক্ষে ৫ জন প্রার্থী।  এ ওয়ার্ডে ১৪৬ জন ভোটারদের আলোচনায় এখন এই ৫ প্রার্থী। তারা হলেন- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী খসরুল হক (উট পাখি), বঙ্গবন্ধু কিশোর মেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ শেঠ (টিফিন ক্যারিয়ার),মাথিউরা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিহাব উদ্দিন (অটোরিক্সা),বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালিন প্রভাষক উপজেলা আওয়ামী লীগের সদস্য আরবাব হোসেন খান (তালা), উপজেলা বিএনপির সিনিয়র সদস্য নজরুল হোসেন (ফ্যান প্রতীক)।


এই ৫ প্রার্থীর বাইরে চারখাই ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাহমুদ আলী (হাতি প্রতীক), বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির (ক্রিকেট ব্যাট) দুইজনের ভোট ব্যাংক প্রায় একই বলে জানা গেছে। সাবেক ছাত্রনেতা ফ্রান্সপ্রবাসী আলিম উদ্দিন সুমন (ঘুড়ি) ও আলী আহমদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করলেও ভোটের মাঠে তাদের নিয়ে আলোচনা অনেকটা কম।

এদিকে একাধিক ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে আলাপ করলে তারা জানান, সদস্য পদে কোন প্রার্থী বিজয়ী হবেন, তা শেষ সময়ের কৌশলে ওপর নির্ভর করছে।

সিলেটভিউ২৪ডটকম/রাজু/আরআই-কে