আগামীকাল সোমবার সিলেট জেলা পরিষদের নির্বাচন। প্রচারণা ও ভোট সংগ্রহে সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীগণ। তবে এবার পরিবর্তনের গুঞ্জণ বেশি শুনা যাচ্ছে। ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমীন প্রতীক বরাদ্দের পর থেকে মাঠে সরব রয়েছেন। সমাজসেবী ও শিক্ষানুরাগী নুরুল আমীনের প্রতীক অটোরিক্সা। এই ওয়ার্ডে বর্তমান সদস্য মুহিবুর হক মুহিব।  অপর প্রার্থী শাহজাহান টিউবওয়েল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ৯নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান সদস্য মুহিব ও নতুন নুরুল আমীনের মধ্যে।

জেলার আওতাধীন  ৯নং ওয়ার্ডের একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা যায়, কালো টাকায় কিংবা ভোট প্রয়োগে কারচুপি না হলে মোহাম্মদ নুরুল আমীন বেশ এগিয়ে থেকে নির্বাচিত হবেন। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট জেলা পরিষদের একজন জনপ্রতিনিধি ভোটার জানান, মোহাম্মদ নুরুল আমীন একজন সাদামনের নিরহংকারী মানুষ। ৯ নং ওয়ার্ডে অপর সদস্য প্রার্থীদের তুলনায় সবদিক দিয়েই তিনি এগিয়ে। আরেক ভোটার বলেন, ‘ইনশাআল্লাহ বিপুল ভোট বেশি পেয়ে অটোরিক্সা প্রতীকের নিরব বিপ্লব ঘটবে।’


অপরদিকে, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মুহিবুর হক মুহিব দলের সিন্ধান্ত অমান্য করে নির্বাচন করায় অনেক বিএনপি দলীয় ভোটাররা মুহিবুর হককে বয়কট করছেন বলে জানা গেছে। তাছাড়া জেলা পরিষদের বরাদ্দ নিজ ইউনিয়নে অধিকাংশ খরচ করায় অন্য ইউনিয়নের ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিগত বরাদ্দেরর সময়। এবার তারা ভোটের মাধ্যমে সেটার জবাব দিবেন বলে নাম  প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানিয়েছেন।  

জানা যায়, ৯ নং ওয়ার্ডের আওয়াতায় রয়েছে জৈন্তাপুর উপজেলা পরিষদ, নিজপাঠ ইউনিয়ন, জৈন্তাপুর ইউনিয়ন, দরবস্ত ইউনিয়ন জৈন্তাপুর, ফতেপুর ইউনিয়ন জৈন্তাপুর, চিকনাগুল ইউনিয়ন জৈন্তাপুর, চারিকাটা ইউনিয়ন জৈন্তাপুর, বড়চতুল ইউনিয়ন কানাইঘাট, লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়ন কানাইঘাট, খাদিমপড়া  ইউনিয়ন সিলেট সদর এলাকাগুলো।

সূত্র জানায়, দুইবারের জেলা পরিষদ সদস্য মুহিবুর রহমান মুহিব বিগত দিনে তেমন কোনো সফলতা দেখাতে পারেননি। তাই এবার পরিবর্তনের পক্ষে বেশিরভাগ ভোটার । গুঞ্জন রয়েছে, ৯নং ওয়ার্ডের আওয়াতাধীন এলাকার ভোটাররা নতুন প্রতিনিধি নির্বাচন করতে আগ্রহী বেশি। যে কারণে অঞ্চলভিত্তিক ভোট ভাগাভাগিতে এবং নতুন নেতৃত্ব তৈরির কথা বিবেচনায় রাখলে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুল আমীনের ভাগ্য খোলার সম্ভাবনা রয়েছে। তার সমর্থকদের দাবি, তিনিই জিতবেন।

প্রসঙ্গত, মোহাম্মদ নুরুল আমীনের পিতা মরহুম আলহাজ্ব ইবরাহীম আলী ছিলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জৈান্তাপুর উপজেলার একজন বরেণ্য শালিসী ব্যক্তিত্ব।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আরআই-কে