সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ঝুঁকিপূর্ণ পাড়ুয়া ব্রিজ নিয়ে সিলেটের শীর্ষ পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’-এ সংবাদ প্রকাশের পর মেরামত করা হলো সেই ব্রিজ।
রবিবার (১৬ অক্টোবর) সকালে পাড়ুয়া ব্রিজের ভাঙা ‘স্পেনশন জয়েন্ট’ শ্রমিক দিয়ে মেরামত করান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া ব্রিজের ‘স্পেনশন জয়েন্ট’ ছিলো না প্রায় ১ মাস ধরে। এই সড়কে প্রতিদিন ট্রাক, বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই সড়কের স্পেন না থাকায় প্রায়ই ঘটতো দুর্ঘটনা।
বিষয়টি নিয়ে শনিবার (১৫ অক্টোবর) ‘সিলেটভিউ২৪ডটকম’-এ ‘সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ব্রিজে মৃত্যুফাঁদ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্রিজে গিয়ে দেখা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা এসে লোহার স্প্যান লাগিয়ে ব্রিজটি মেরামত করছেন।
এদিকে, ব্রিজটি মেরামত করে ঝুঁকিমুক্ত হওয়ায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম / জলিল / ডি.আর




