ছবি : সিলেটভিউ২৪

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের মানুষের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। লামাকাজি বাস স্ট্যান্ডের টুলের টাকা আদায়কে কেন্দ্র করে রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে এ সংঘর্ষ বাঁধে। 

সংঘর্ষকালে দুপক্ষের লোকেরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তুমুল মারামারিতে লিপ্ত হয়। এসময় দুক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।  


এছাড়াও সংঘর্ষকালে ভাঙচুর করা হয় দোকানপাট ও যানবাহন। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে সংঘর্ষ থামাতে গেলে বিশ্বনাথ থানার পুলিশ সদস্যরাও আহত হন। এমনকি থানার ওসি গাজী আতাউর রহমান ও পরিদর্শকও (তদন্ত) আহত হন। ইটের আঘাতে ওসির কপাল ফেটে যায়।  

পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার পুলিশদল ও দাঙা পুলিশ গিয়ে সংঘর্ষ থামাকে বিশ্বনাথ থানাপুলিশকে সহায়তা করে। কাদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এ রিপোর্ট লেখা (রাত ১১টা) পর্যন্ত সংঘর্ষ থামলেও লামাকাজি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সিলেটভিউ’র বিশ্বনাথের নিজস্ব প্রতিবেদক প্রনঞ্জয় বৈদ্য অপু। 

এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম