সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে (১৮ অক্টোবর ২০২২) মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশ্ব¦বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
'শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক' এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত শহিদমিনারের পাশে বৃক্ষরোপণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধাভরে স্মরন করে ড. সৈয়দ রাগীব আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ইতিহাসের সব জায়গাতেই রয়েছে বঙ্গবন্ধু পরিবার। বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সবাইকে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, ন্যাক্কারজনকভাবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়।
তিনি আইন বহির্ভূত হত্যার নিন্দা জ্ঞাপন করেন এবং বলেন, যে উদ্দেশ্যে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তা সফল হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদের সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




