সুনামগঞ্জের দোয়ারাবাজারে ন্যায্যরমূল্যে বিক্রির জন্য সরকারের দেয়া টিসিবির ডালের খালি প্যাকেটের স্তুপ সুরমা নদীর তীরে পাওয়া গেছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ব্যবসায়ী ও স্থানীয় জনতা মান্নারগাঁও ইউনিয়নে নিযুক্ত ডিলার কৃপাসিন্ধু রায় ভানুর বাসার পেছন থেকে এই খালি প্যাকেটের স্তুপ উদ্ধার করেন। পরে বিষয়টি দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন তারা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ- ডিলার কৃপাসিন্ধু রায় ভানু টিসিবি থেকে সরবরাহকৃত ন্যায্যমূল্যের প্যাকেটজাত পণ্য প্যাকেট থেকে খোলে অধিক লাভে খোলাবাজারে বিক্রি করে দেন। গত রমজানে পণ্য বিক্রির সময় প্রতিটি প্যাকেজে ২৫০ থেকে গ্রাম পণ্য কম দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
স্থানীয় বাজারের ব্যবসায়ী আশরফ উদ্দিন তালুকদার বলেন- আমি বাজারে এসে লোকমুখে শুনে নদী তীরে গিয়ে দেখি- টিসিবির ডালসহ বিভিন্ন পণ্যের শত শত খালি প্যাকেট পড়ে রয়েছে। স্থানীয় ডিলার এসব পণ্য প্যাকেট থেকে খুলে খোলাবাজারে বিক্রি করেন বলে আমাদের ধারণা। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, সরকার সাধারণ ভোক্তাদের জন্যে ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করছে। কিন্তু দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডিলার এসব পণ্য অধিক লাভে খোলাবাজারে বিক্রি করছেন। যা সম্পূর্ণ অবৈধ। পণ্যের ওজনেও কম দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের ব্যাপারে কৃপাসিন্ধু রায় ভানু বলেন, ডালের প্যাকেট গুদাম থেকে নিয়ে আসার সময় কিছু প্যাকেট ফেটে যায়। এসব প্যাকেট থেকে ডাল খালি করে সাদা পলিথিনে করে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। মানুষ যে অভিযোগ করছে তা সঠিক নয়।
রমজান মাসে ওজনে কম দেয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ডিসি স্যার তাঁর লোক দিয়ে প্যাকেট করেছেন। এসব প্যাকেটের কোনো কোনোটিতে পণ্য কম ছিলো- কোনিটিতে বেশি ছিলো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ফারজানা পিয়াংকা বলেন- স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে হতে তদন্ত করা হবে। টিসিবির পণ্যে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডি.আর




