সিলেটে মাসব্যাপী ফুটবল উৎসব শুরু হয়েছে গত ৬ অক্টোবর। এদিন বেলা আড়াইটায় ঝমকালো আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩’-এর পর্দা উঠে।
তবে শুরু থেকেই ‘পাতানো ম্যাচ’সহ নানা অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে। সর্বশেষ শনিবার (২২ অক্টোবর) মোহামেডান ও টিলাগড় স্পোর্টিং ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচের একটি গোল নিয়ে মাঠে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুদলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে হাতাহাতির সৃষ্টি হয়। পরে সে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে খেলা চলাকালীন ২৬ মিনিটের সময় মোহামেডান একটি গোল করে। কিন্তু টিলাগাড় ক্লাবের খেলোয়াড়রা দাবি করেন- বলটি মাঠের লাইনের বাইরে চলে গিয়েছিলো তাই গোলটি সঠিক নয়। এ নিয়ে প্রথমে বাকবিতন্ডায় জড়ান দুপক্ষের খেলোয়াড়রা। পরে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের খেলোয়াড় ও সমর্থকরা হাতাহাতিতে লিপ্ত হন।
পরে রেফারি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ দুপক্ষকে শান্ত করেন এবং ম্যাচটি পরিত্যক্তি ঘোষণা করা হয়। এ বিষয়ে আয়োজক কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি বিজিৎ চৌধুরী সিলেটভিউ-কে বলেন- আমরা ওই সময় এখানে উপস্থিত ছিলাম না। তবে খবর পেয়েই দ্রুত স্টেডিয়ামে উপস্থিত হই। আমার আসার আগেই উপস্থিত নেতৃবৃন্দ ও রেফারি পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি আমরা বৈঠকে বসে দুপক্ষের বক্তব্য শুনে বিস্তারিত জানবো এবং পরবর্তী সিদ্ধান্ত নেবো।
সিলেটভিউ২৪ডটকম / শামীম / ডালিম




