শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 


এতে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান।


সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন- শাবিপ্রবি গবেষণা, অবকাঠামো ও একাডেমিক দিক দিয়ে অনেক এগিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অনেক সংকট জমা হয়েছিল। আমরা চেষ্টা করছি, সেই সংকটগুলো কাটিয়ে ওঠার।


এসব কাজে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের অবদানের কথাও বলেন উপাচার্য। 


তিনি বলেন- বিশ্ববিদ্যালয়ের অর্জন, উন্নয়ন সম্ভাবনা ও সুনামগুলো আপনার তুলে ধরেছেন। এজন্য বহির্বিশ্বেও বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাংবাদিকদের রয়েছে বিশেষ অবদান। সাংবাদিকরা এসব কাজের গর্বিত অংশীদার। 


এছাড়া সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সংকট ও উন্নয়নগুলো বস্তুনিষ্ঠটার মাধ্যমে তুলে ধরার আহ্বান করেন তিনি। 


এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন- বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শাবি প্রেসক্লাব সবসময় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক পর্যায়ে এসেছে। আশা করি, ভবিষ্যতে এই স্থিতিশীলতা বজায় থাকবে।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সংবাদমাধ্যম তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 


এতে আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব, সাধারণ সদস্য হাবিবুল হাসান রিজভী, নোমান মিয়া ও নাঈম আহমদ শুভ।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না