সিলেটে অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে ৮ টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

রোববার (২৩ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট  বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা হয়।


সংশ্লিষ্টরা জানান- রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক সিলেটের কালীঘাট, লাল দিঘীরপাড়, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কালীঘাট ও লাল দিঘীর পাড় এলাকায় চিনি ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, অধিক মূল্যে চিনি বিক্রয়, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না ইত্যাদি অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা এবং একই অপরাধে সুবিদ বাজার এলাকার ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান ও জরিমানার তথ্যের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট  বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন- চিনির দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে আমরা অভিযান চালাই। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮ টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/ডালিম/মুন্না