ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত করে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রতিঘণ্টায় ৭৪ কিলোমিটার। এটির কেন্দ্রে রাত ১১টা থেকে ১২টার মধ্যে ভোলা হয়ে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করে যাবে। তখন জলোচ্ছ্বাস হতে পারে। বৃদ্ধি পাবে পানির উচ্চতা।’


জানা গেছে, কক্সবাজারের সেন্টমার্টিনে জোয়ারের পানি ৭ ফুট উচ্চতায় আছড়ে পড়েছে। আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ দুই হাজার মানুষকে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এসব নিশ্চিত করেছেন।

জোয়ারে তলিয়েছে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক ও পধনার ডেইল এলাকা। পানিবন্দি আছে অর্ধলাখ মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল এসব তথ্য  জানিয়েছেন।

টেকনাফের শাহপরীর দ্বীপে জোয়ারের পানি বেঁড়িবাধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই শতাধিক পরিবারকে মাঝের পাড়া আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে বলে জানিয়েছেন ইউপি সদস্য আব্দুল মান্নান।

এখন পর্যন্ত জেলায় দেড় লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


সিলেটভিউ২৪ডটকম / নিউজবাংলা / ডি.আর