সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এই রুদ্ধদ্বার সভা।
সভার শুরুতে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন কমিটির ১৮জন নেতৃবৃন্দ। এদের মধ্যে বেশীরভাগই সম্প্রতি নগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিতর্ক ও সমালোচনার বিষয়ে সাধারণ সম্পাদক জাকির হোসেনের উপর ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ ওয়ার্ড কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়ায় বিভিন্ন গণমাধ্যম নেতিবাচক সংবাদ প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করেন। এসব বিষয়ে আলোচনার পর ভবিষ্যতে ওয়ার্ড কমিটি গঠনে আরো সতর্ক থাকার আহবান জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই সাথে ওয়ার্ড কমিটি গঠনের সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও মতামত গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভায় সম্প্রতি ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত কমিটির স্থগিতাদেশ বহাল রাখা হয়। পরবর্তীতে বাকি সকল ইউনিটের সম্মেলন শেষে এ ওয়ার্ডের কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এছাড়া আলোচনায় উঠে আসে গত ৩ সেপ্টেম্বর নগরীর ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সিনিয়র নেতাদের সাথে মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিষয়টি। এসময় উপস্থিত কয়েকজন জুমাদিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জানান। তবে পরবর্তীতে সম্পাদক মন্ডলীর এক সদস্যের হস্তক্ষেপে জুমাদিন আহমদ তার ভূল স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হয়।
সভায় আগামী ৬ নভেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডি/ইআ-০৪




