ঘরের মাঠ সিলেটে ভরাডুবি হয় বাংলাদেশ দলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপে খেলতে নেমে গ্রুপর্বেই ছিটকে পড়ে নিগার সুলতানার দল। হতশ্রী পারফরম্যান্সের পর অভিজ্ঞ বিদেশি কোচের গুরুত্ব অনুধাবন করে বিসিবি। এরই প্রেক্ষিতে বাংলাদেশ নারী দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে নতুন কোচ।

নতুন কোচ হাশান তিলকরত্নে আগামী ১ নভেম্বর থেকে বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেবেন। বিসিবি তার নিয়োগ চূড়ান্ত করেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ওমেন্স উইংয়ের প্রধান শফিউল আলম নাদেল।

তিনি বলেন, ‘তার (হাশান) সঙ্গে এশিয়া কাপ চলাকালীন আমাদের কথা হয়েছিল। সেই কথা এখন চূড়ান্ত হয়ে গেছে। তিনি দু-একদিনের মধ্যে বাংলাদেশে আসবেন। নভেম্বর থেকে কাজ শুরু করবেন।’

হাশান তিলকরত্নে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার। দেশটির হয়ে ৮৩টি টেস্ট ও ২০০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এই বাঁহাতি ব্যাটসম্যানের টেস্টে রান সাড়ে চার হাজারের বেশি, ওয়ানডেতে সাড়ে তিন হাজারের বেশি রান।

চলতি মাসের ১ থেকে ১৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া নারী এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের কোচ ছিলেন তিনি। দলকে ফাইনালে নিয়ে যান হাশান। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় শ্রীলঙ্কা।

এশিয়া কাপেই মূলত হাশানকে নিয়ে আগ্রহী হয় বিসিবি। তখনই তার সঙ্গে কথাবার্তা এগিয়ে রাখা হয়। সেই কথা এখন চূড়ান্ত পর্যায়ে গেছে। শ্রীলঙ্কার চাকরি ছেড়ে বাংলাদেশে যোগ দিচ্ছেন হাশান।

বিসিবি জানিয়েছে, দুই বছরের জন্য হাশানের সঙ্গে চুক্তি হচ্ছে।

নারী এশিয়া কাপে মাহমুদ ইমনের কোচিংয়ে খেলে বাংলাদেশ নারী দল। কিন্তু ব্যর্থতার পর মাহমুদ ইমন এবার ছিটকে গেলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে