পূর্বের ধারাবাহিকতায় এবারও এক দিনব্যাপী কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। আলোকচিত্রের মৌলিক বিষয়গুলো নিয়ে এই কর্মশালা শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলায় আগ্রহী করতে আয়োজন করা হচ্ছে এ কর্মশালা। এর জন্য ১০০ টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন এই কর্মশালাতে।
এখানে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা প্রেস ফটোগ্রাফার মোহাম্মদ রাফায়েত হক খান। তিনি বর্তমানে জুমা প্রেসে কর্মরত আছেন।
কর্মশালা বিষয়ে ক্লাবটির সভাপতি কিবরিয়া রব্বানী বলেন, ‘‘ছাত্ররা এই কর্মশালার মাধ্যমে ভালো ছবি তুলা শিখতে পারবে, ছবি সম্পর্কে জানতে পারবে। এর প্রভাব ছাত্রদের ক্যারিয়ারে অনেক অবদান রাখবে।’’
মৌলিক এই কর্মশালাটির পাশাপাশি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি শীঘ্রই আরেকটি অ্যাডভান্স কর্মশালার আয়োজন করার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় এ ক্লাবটি ইতিমধ্যে ৪ টি অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ও ৩টি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই/পিডি




