সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্মাণপ্রতিষ্ঠানের ঠিকাদারের গাফিলতিতে স্কুল বিল্ডিংয়ের উপর থেকে লোহার রডের বান্ডিল পড়ে প্রথম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম উষা মনি (৭)। সে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর শোকে পাথর হয়ে পড়েছেন উষা মনির মা-বাবাসহ পরিবারের সকল সদস্য।


এঘটনায় উষার পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

স্হানীয় ইউপি ওয়ার্ড সদস্য ডালিম সিলেটভিউ-কে বলেন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রডের বান্ডিল বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী উষা মনির মাথায় উপর পড়লে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। পরে স্হানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না।

শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ের তৃতীয় তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে লোহার রডের বান্ডিল স্কুলছাত্রী উষা মনির মাথার উপর পড়ে তার অকাল মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত।  

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, নিরাপত্তাবেষ্টনী তৈরি না করেই এই স্কুলের বিল্ডিং নির্মাণের কাজ করা হচ্ছে।  তিনি বলেন, ঠিকাদার ও প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই রডের বান্ডিল উপর থেকে পড়ে ওই ছাত্রীর অকাল মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আনােয়ারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মাইনুউদ্দিন বলেন, স্কুল ভবনটি গত ৩ মাসে আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।  শিক্ষার্থীদের ক্লাস করার জন্য অন্যত্র টিনশেড ঘর করে দেওয়া হয়েছে। এরপরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐখানে ক্লাস না করে পরিত্যক্ত ভবনে ক্লাস করাচ্ছেন।

তিনি আরো বলেন, প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান এ বিষয়ে বলেন, স্কুলছাত্রী উষা মনিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ বিষয়ে বলেন, নিহত ছাত্রীর লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত হবে। এ ঘটনায় নিহত ছাত্রীর পিতা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/ডালিম-০৭/মুন্না