(প্রতীকী ছবি)
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সালামতপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী অশেষ দাস (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে নবীগঞ্জ পৌরসভার (নবীগঞ্জ-শেরপুর রোডে) সালামতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অশেষ দাস হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মতি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে সালামতপুর নামক স্থানে হবিগঞ্জগামী ট্রাকের (নং ঢাকা মেট্রো-ট-২২-২২৮৯) ধাক্কায় বাইসাইকেল আরোহী অশেষ দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট যাওয়ার পথে অশেষ দাসের মৃত্যু হয়।
ঘটনার পর ট্রাক চালক আনিসুর রহমানকে আটক ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় নবীগঞ্জ থানাপুলিশ। আনিসুর রহমান বরিশালের বাকেরগঞ্জ থানার হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমদ এ বিষয়ে বলেন- ট্রাক ড্রাইভারকে আটক ও ট্রাক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / সলিল / ডি.আর-০৮




