আগামি ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র প্রার্থী ৭জন, পৌরসভার ৯টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ১৩জন এবং সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৬০জন মাঠে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচরণাও শেষ পর্যায়ে। সোমবার (৩১ অক্টোবর) রাত ১২টার পর থেকে প্রচারণাও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মঙ্গলবারই হচ্ছে শেষ প্রচারণার দিন।
এদিকে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী বুধবার (২ নভেম্বর)। কিন্তু সে ভোট স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্বনাথ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা বরাবর এ স্থগিতাদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হলো।
এ তথ্য নিশ্চিত করেন সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কী কারণে স্থগিত হলো, তা জানা নেই।
জানা গেছে, ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন কামাল উদ্দিন (উটপাখি), উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল হক (ব্লাকবোর্ড), বর্তমান মেম্বার ইউনুছ আলী (পাঞ্জাবী), ব্যবসায়ী নাজিম উদ্দিন (টেবলি ল্যাম্প), আব্দুল মন্নান (পানির বোতল) ও আওয়ামী লীগ নেতা শহজাহান সিরাজ (ডালিম)।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩




