বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া আরও কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। রোববার দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারই মূলত পাকিস্তানের সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এখন নিজেদের বাকি দুই ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারের পর পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, ‘ভারত আমাদের মেরে ফেলেছে।’ 

ভারত ও জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ম্যাচে হারের পর রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে ফেরে পাকিস্তান। তারা আশায় ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে ভারত। কিন্তু পার্থে ভারতকে ১৩৩ রানে আটকে দেয় প্রোটিয়া পেসাররা। পরে ডেভিড মিলার ও এইডেন মার্করামের ফিফটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ভারতের হারের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ইন্ডিয়া নে মারওয়া দিয়া হামে (ভারত আমাদের চান্স শেষ করে দিলো)। আসলে আমরাই আমাদের সুযোগ নষ্ট করেছি। এটা ভারতের দোষ নয়।


নিজেরা খারাপ খেলে অন্যের হাতে আমাদের ভাগ্য তুলে দিয়েছি। তবে আশা করেছিলাম, ভারত দাপট দেখাবে এই ম্যাচে।’
শোয়েব মনে করেন, ভারত ব্যাটিংয়ে আরেকটু ধৈর্যশীল হলে ১৫০ ছুঁতে পারতো। তিনি বলেন, ‘এসব পিচে খেলা সহজ নয়। ভারত আমাদের খুবই হতাশ করেছে। তাদের ব্যাটারদের তাড়াহুড়া না করে আরেকটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। ১৫০ হতে পারতো জয়ের পুঁজি। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের অভিজ্ঞ ক্রিকেটারদের ভালোভাবেই ব্যবহার করলো। কিলার দ্য মিলার মার্করামের সঙ্গে তার সকল অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। লুঙ্গি এনগিডি অসাধারণ বোলিং করেছে। খুব বেশি গতি না থাকলেও শর্ট বল এবং সিম দিয়ে উইকেট তুলে নিয়েছে সে।’

শোয়েবের ভয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে পর্যুদস্ত হবে পাকিস্তানও। তিনি বলেন, ‘ভেবেছিলাম ভারত কোনোভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেবে আর আমরা একটা সুযোগ পাবো। কিন্তু এখন মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকাও আমাদের গুঁড়িয়ে দেবে! দেখা যাক কী হয়। আমি এখনো আমার দলের পাশে আছি।’

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৮


সূত্র : মানবজমিন