টি-২০ বিশ্বকাপ বাংলাদেশর তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে কি এক দুর্দান্ত লড়াই-ই না উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা!
সে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশ- জিম্বাবুয় দুই দলেরই।এমনই এক রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ দল। জয়ের সুখস্মৃতি নিয়ে ব্রিসবেন থেকে আ্যডিলেডের বিমান ধরে বাংলাদেশ।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কিছুই ভাবার সুযোগ নেই। সেই অর্থে ম্যাচটা বাংলাদেশের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনালও। যদিও এরপর একটা ম্যাচ বাকি- সেটি পাকিস্তানের বিপক্ষে।
সোমবার বিকেলে ব্রিসবেন থেকে অ্যাডিলেডের বিমানে উঠেন সাকিব আল হাসানরা। বিমান পথে দূরত্ব প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট। সন্ধ্যা নামতেই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের ভেন্যু শহরে পৌঁছে যায় বাংলাদেশ দল। আগের দিনের ম্যাচ আর ভ্রমণ- সব মিলিয়ে একটা দিন বিশ্রামেই থাকবে টাইগাররা।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন মঙ্গলবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিনও বিশ্রামে কাটিয়েছিলেন সাকিবরা। সেদিন শুধু ঐচ্ছিক অনুশীলনে দেখা গিয়েছিল নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বিকে।
তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান ম্যাচে ভারতেরও ৪ পয়েন্ট। নেট রান রেটে ভারত দুইয়ে, বাংলাদেশ তিনে। ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপে সবার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের পয়েন্ট ৩। এই চার দলই সমানভাবে শামিল আছে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে। বাংলাদেশ আগের তিনটি ম্যাচ তিনটি ভেনুতে খেললেও শেষ দুটি ম্যাচ খেলবে আ্যডিলেডে। ২ তারিখ ভারতের বিপক্ষে ও ৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে। দুই পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে এই লড়াইয়ে তবে তাদের পরে আর কোনো ম্যাচ হারা চলবে না জিততেই হবে, তারপর পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে।
সিলেটভিউ২৪.কম/মাহি




