প্রথম নির্বাচন হওয়ার কারণে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিরাজ করছে। গণসংযোগ, উঠান বৈঠক, প্রচার মিছিল ও নির্বাচনী জনসভার পর আগামীকাল বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বিশ্বনাথ পৌরসভার নির্বাচন। কে হচ্ছেন বিশ্বনাথের প্রথম পৌরপিতা? এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা হিসেব-নিকেশ ও বিচার-বিশ্লেষণ।
বিশ্বনাথ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৫ হাজার ৪৭০ জন (পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১) ভোটার বুধবার অনুষ্ঠিতব্য পৌরসভার প্রথম নির্বাচনে ৩টি পদে (মেয়র, মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর) নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। ভোটের দিন ৯টি ওয়ার্ডের ২০টি সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করবেন পৌরসভার ভোটাররা। বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে ৭ জন, মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান (প্রবাসী), ‘হ্যাঙ্গার’ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ‘মোবাইল ফোন’ প্রতীক নিয়ে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন এবং ‘চামচ’ প্রতীক নিয়ে উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের মতে- নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী লড়াই করলেও প্রথম পৌর মেয়র হওয়ার দৌঁড়ের মূল আলোচনায় রয়েছেন ৪ জন। তারা হলেন- ‘নৌকা’ প্রতীকের ফারুক আহমদ, ‘জগ’ প্রতীকের মুহিবুর রহমান, ‘মোবাইল ফোন’ প্রতীকের মুমিন খান মুন্না ও ‘হ্যাঙ্গার’ প্রতীকের জালাল উদ্দিন। তাই বিশ্বনাথে প্রথম পৌর নির্বাচনে মেয়র পদে চতুর্মুখী প্রতিদ্বন্দিতার আভাস পাওয়া গেছে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শেষমূহুর্ত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালিয়েছেন মেয়র পদের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন তারা। তবে, ভোটের মাঠে সাত প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে নারাজ থাকলেও চার মেয়র প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।
চার মেয়র প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাকে নৌকা প্রতিকে বিজয়ী করতে মাঠে একাট্টা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। আওয়ামী ঘরানার ভোট ব্যাংককে পুঁজি করে অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন তিনি। যে কারণে তার নিশ্চিত বিজয় দেখছে আওয়ামী লীগ।
অপরদিকে, আওয়ামী লীগের কোনো পদ-পদবীতে বর্তমানে না থাকলেও সাধারণ মানুষের আলোচনার তুঙ্গে রয়েছেন সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। তার স্বতন্ত্র ব্যক্তি ইমেজ ও গ্রহণযোগ্যতা রয়েছে। এরপাশাপাশি রয়েছে নিজস্ব ভোট ব্যাংকও। আওয়ামী ঘরানার অনেকের পাশাপাশি জাতীয় পার্টি ও বিএনপি ঘরনার অনেকেই রয়েছেন তার পক্ষে। সবমিলিয়ে, মুহিবুর রহমানই হচ্ছেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র-এমনটাই মনে করছেন তার কর্মী-সমর্থকেরা।
বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও দলীয় নির্দেশনা উপেক্ষা করে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন এবং যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্নাও রয়েছেন শক্তিশালী অবস্থানে। যদিও সোমবার (৩০ অক্টোবর) জালাল উদ্দিনকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। জানা গেছে, বিএনপি নেতা এই দুই প্রার্থীকে কেন্দ্র করে দুই ভাগ হয়ে পড়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভক্ত হলেও দুটি অংশ দুই প্রার্থীর পক্ষে ভোটের মাঠে কৌশলি প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ায় পাল্লা ভারী হয়েছে জালাল-মুন্না দু’জনেরই। ব্যক্তি ইমেজ ও দুইবারের অভিজ্ঞ জনপ্রতিনিধি বিবেচনায় জালাল উদ্দিনকেই ভোটাররা মেয়র নির্বাচিত করবেন বলেন মনে করছেন তার সমর্থকেরা। অপরদিকে, বিশ্বনাথের ক্রীড়াঙ্গনসহ সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় সংগঠক মুমিন খান মুন্নাই হাসবেন শেষ হাসি-এমনটা মনে করছেন তার কর্মী-সমর্থকেরা।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্যেও আমাদের প্রস্তুতি রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / প্রনঞ্জয় / ডালিম




